অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল
২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রকিবুল হাসানকে অধিনায়ক করেই ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। রকিবুল ছাড়াও গত বিশ্বকাপ থেকে এবারের দলেও আছেন তানজিম হাসান ও প্রান্তিক নওরোজ। প্রান্তিককে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। আজ একই সঙ্গে বিশ্বকাপ ও এর আগে এশিয়া কাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বিসিবি।
বেশ হাড্ডাহাড্ডি লড়াই করলেও গত অক্টোবরে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে বাংলাদেশের যুবারা হয়েছিলেন ধবলধোলাই। সে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেরব হাসান। অমন ফলের পর ভারতে তিন দলের সিরিজে ডেকে পাঠানো হয়েছিল রকিবুল ও তানজিমকে। রকিবুল নেতৃত্ব দিয়েছেন এ টুর্নামেন্টে। আজ ইডেন গার্ডেনসে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে হারিয়ে তিন দলের টুর্নামেন্ট জিতেছে বাংলাদেশ।
সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন প্রান্তিক, যিনি আগে থেকেই এবারও অনূর্ধ্ব-১৯ দলে ছিলেন।
এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল: রকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, মেহেরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লা আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাইম, মুসফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, তানজিম হাসান, নাইমুর রহমান রিজার্ভ: আহসান হাবীব, জিশান আলম স্ট্যান্ডবাই: মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম, সাকিব শাহরিয়ার, গোলাম কিবরিয়া
আগামী ২০ ডিসেম্বর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবেন বাংলাদেশের যুবারা। ২৩ ডিসেম্বর নেপালের বিপক্ষে সেখানে প্রথম ম্যাচ রকিবুলদের। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও কুয়েত। গ্রুপপর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৫ ডিসেম্বর, প্রতিপক্ষ কুয়েত। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে, ২৮ ডিসেম্বর। ১ জানুয়ারি দুবাইয়ে হবে ফাইনাল, এর আগে হবে দুটি সেমিফাইনাল।
আগামী যুব বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ সেখানে ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি, প্রতিপক্ষ ইংল্যান্ড।
২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ এ: বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ বি: ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা।
গ্রুপ সি: আফগানিস্তান, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, জিম্বাবুয়ে।
গ্রুপ ডি: অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের ম্যাচ
১৬ জানুয়ারি, বনাম ইংল্যান্ড, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস অ্যান্ড নেভিস
২০ জানুয়ারি, বনাম কানাদা, কনারি ক্রিকেট সেন্টার, সেন্ট কিটস অ্যান্ড নেভিস
২২ জানুয়ারি, বনাম সংযুক্ত আরব আমিরাত, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস অ্যান্ড নেভিস
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
