নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসান ছুটি আবেদন করেছিলেন এবং সেটা মঞ্জুর হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সাকিব আল হাসান বিভিন্ন সিরিজে নিয়মিতই ছুটি চেয়ে আসছেন ২০১৭ সাল থেকে।
তাই প্রায় ৩৫-বছর বয়সী সাকিবকে বিশ্রাম দিয়ে খেলানোর কথা ভাবছেন কি না, এই প্রশ্নের জবাবে বিসিবি প্রেসিডেন্ট বলেন, সাকিব আল হাসানকে বিশ্রাম দিয়ে খেলানো নিয়ে আলাদাভাবে ভাবছে না বোর্ড।
তবে নিয়মিত ছুটির ব্যাপারে সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন ক্রিকেট বোর্ডের প্রধান। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মি. পাপন বলেন, "যে কেউ যদি ছুটি চায় আমাদের কোনও আপত্তি নাই।"
"আমরা আগাম জানতে চাই হঠাৎ একটা সিরিজের আগ মুহূর্ত হলে আমাদের জন্য সমস্যা। কারও যদি বিশ্রাম লাগে সেটা যাতে জানানো যায়," বলেন বিসিবি প্রেসিডেন্ট। সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরের সময় পারিবারিক কারণে ছুটি নিয়েছেন এবং বোর্ড চেষ্টা করেছে সাকিব যাতে ছুটির আপিলটা বাতিল করে।
বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফর থেকে নাম সরিয়ে নিতে চান এবং পারিবারিক কারণে ছুটি চাইছেন এই খবর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই জানা গেছে।
এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে সাকিব আল হাসানের নাম ছিল, এর কিছুক্ষণ পরেই সাকিব আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চান।
গত শনিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে বলেন, সাকিবের ছুটির বিষয়টা তিনি জানেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়নি তাই তাকে দলে রাখা হয়েছে।
সাকিব আল হাসানের অভিষেকের পর বাংলাদেশ ৮২টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে ২৩টি টেস্ট নানা কারণে মিস করেছেন তিনি।
ক্রিকেট পরিসংখ্যানবিদ রিফাত এমিলের বিশ্লেষণে উঠে এসেছে, ক্যারিয়ারের প্রথম দশ বছরে সাকিব মিস করেছেন ৭টি টেস্ট ম্যাচ। শেষ পাঁচ বছর অর্থাৎ সাম্প্রতিক বছরগুলোতে ১৬টি টেস্ট ম্যাচ মিস করেছেন সাকিব।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম (৭৭), তামিম ইকবাল (৬৪) ও সাকিব আল হাসান (৫৯)।
সাকিব টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক এবং সর্বোচ্চ উইকেটের মালিক। সাকিব ২১৫টি টেস্ট উইকেট নিয়েছেন। বাংলাদেশের হয়ে আর কোনও ক্রিকেটার ২০০ উইকেটও পাননি।
এমনকি সাকিব সরাসরি কখনো বলেননি যে তিনি টেস্ট খেলতে চাননি, তবে ২০১৭ সাল দক্ষিণ আফ্রিকা সফর, ২০১৯ সালে নিউজিল্যান্ড সফর, ২০২১ সালে শ্রীলঙ্কায় টেস্ট সফর এবং এবারে ২০২২ সালের শুরুতে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের এই সফরে ছুটি চাইছেন।
এ বিষয়ে বোর্ডও খোলামেলা কোনও মন্তব্য করতে রাজি নয়।
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
